বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে আজ(শনিবার) ন্যাটোর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চার বিদেশি সেনা নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে মোতায়েন সেনাদের বেশির ভাগই মার্কিন হলেও নিহত বিদেশি সেনাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। কিন্তু বিমানটিতে কতজন আরোহী ছিল সে সংক্রান্ত কোনো তথ্য এ বিবৃতিতে দেয়া হয়নি।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ওই এলাকায় তালেবানদের কোনো ততপরতা ছিল না বলে এ বিবৃতিতে দাবি করা হয়েছে।
অবশ্য, তালেবান গেরিলারা দেশটিতে দখলদার বিদেশি সেনাদের ওপর হামলা বাড়ানোর অঙ্গীকার ঘোষণা করার দিনটিতেই এ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেল।
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর এক লাখ সেনা মোতায়েন রয়েছে। দখলদার বাহিনীকে যাতায়াতের জন্য বিমানের ওপর বেশি নির্ভর করতে হয় এবং দেশটিতে প্রায়ই ন্যাটো বাহিনীর বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটছে।
চলতি মাসের ২২ তারিখে রাজধানী কাবুলের দক্ষিণে লগার প্রদেশে খারাপ আবহাওয়ার মধ্যে বিদেশি সেনাদের একটি হেলিকপ্টার জরুরি ভিত্তিতে নামতে বাধ্য হয়। এ সময় তালেবানরা হেলিকপ্টারটি ঘিরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় এবং ১১ সেনাকে আটক করে।
এ ছাড়া, চলতি মাসের গোঁড়ার দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন সেনা নিহত হয়। এ ছাড়া, কান্দাহারে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়।